
মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: ঢালিউডের শাকিব খান দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছেন। তবে এই শাকিব-নির্ভরতা কখনোই চলচ্চিত্রের জন্য সুসংবাদ নয় বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি মনে করেন, শাকিব খান ছাড়া অন্য নায়ককে নিয়ে নামি প্রোডাকশন হাউসগুলোর কাজ করতে না চাওয়া পুরো ইন্ডাস্ট্রির জন্য অশনিসংকেত।
সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে অংশ নিয়ে সিনেমার বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা মত দেন ঢালিউড কুইনখ্যাত এই অভিনেত্রী। তিনি বলেন, বিগত অনেক বছর ধরে শুধু শাকিব খানের সিনেমা ছাড়া সেইভাবে প্রোডাকশন হাউসগুলো কাজ করার আগ্রহ প্রকাশ করে না। এটি কখনোই সুসংবাদ নয়। তার মতে, চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যেমন শিল্পীদের, তেমনি নতুন উদ্যোগকে স্বাগত জানানোও জরুরি।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নিয়মিত ট্রল বা বুলিং হওয়া প্রসঙ্গও এড়িয়ে যাননি অপু বিশ্বাস। তবে এ নিয়ে কোনো অভিযোগ না তুলে বরং সমালোচকদের প্রতি ভিন্ন বার্তা দেন তিনি। অপু বলেন, আজকে এই সামাজিক ভাইবগুলোর মাধ্যমে আমি একটা কথা বলতে চাই—আমাকে নিয়ে অবশ্যই বুলিং করেন, কিন্তু সেটা যেন পজিটিভ বুলিং হয়। যে বুলিং বা সমালোচনা থেকে আমরা শিখতে পারি, কাজে সামনে এগিয়ে যেতে পারি। গণমাধ্যমের প্রতিও তিনি অনুরোধ জানান, যেন তারা দর্শকদের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে সহায়তা করে।
ইন্ডাস্ট্রির স্থবিরতা কাটাতে যারা সাহস করে নতুন প্রযোজনা সংস্থা নিয়ে এগিয়ে আসছেন, তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন অপু। বিশেষ করে ‘এম কে প্রোডাকশন’-এর উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। তিনি বলেন, আজকে এম কে প্রোডাকশনকে আমরা ধন্যবাদ জানাই। যেহেতু ইন্ডাস্ট্রির চিত্রটা এমন যে শাকিব ছাড়া কেউ লগ্নি করতে চায় না, তাই এই অচলায়তন ভাঙতে যারা এগিয়ে আসছেন, তাদের ইনস্পায়ার করা আমাদের প্রত্যেক মানুষের দায়িত্ব।